রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নির্দেশ দেওয়ার ৪১ দিন পরও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. পূর্ণেন্দু গাইন ওই পদে এবং শিক্ষক হিসেবে চাকরিতে বহাল আছেন। নিজের স্ত্রীকে অবৈধ উপায়ে শিক্ষক হিসেবে নিয়োগের চেষ্টা তদন্তে প্রমাণ হওয়ার পর বঙ্গভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে সহ-উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।জানা যায়, মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ফাইলটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব সৈয়দ আতাউর সম্প্রতি প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।গত শনিবার সাধারণ শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে তাঁরা সমিতির কাছে রাষ্ট্রপতির সিদ্ধান্ত বাস্তবায়ন কেন হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয় কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিসিপ্লিনের মোট ১২৬ জন শিক্ষক ওই স্মারকলিপিতে সই করেছেন। এর আগে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুদ্দিন শাহের কাছে স্মারকলিপি দিয়ে এসব বিষয় জানতে চান।এ প্রসঙ্গে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ আর এম মোস্তাফিজার রহমান বলেন, ‘সাধারণ শিক্ষকদের সই করা স্মারকলিপি আমরা পেয়েছি এবং শিক্ষক সমিতি স্মারকলিপিটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।গত ১২ জুলাই বঙ্গভবন থেকে একজন সিনিয়র সহকারী সচিব শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে বলেন, নিজের স্ত্রীকে অবৈধ পন্থায় শিক্ষক নিয়োগের হীন প্রচেষ্টার জন্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ‘উপ-উপাচার্যের চাকরি যাওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন।ওই চিঠি ১৮ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় গ্রহণ করে। গত বছরের ২৯ অক্টোবর গণিত ডিসিপ্লিনের প্রভাষক নিয়োগ বাছাই বোর্ডে সভাপতি হিসেবে পূর্ণেন্দু গাইন তাঁর স্ত্রীকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোহম্মদ আলী সহ- উপাচার্যের বিরুদ্ধে অযোগ্যতা, অদক্ষতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আবেদন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি সহ-উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মত প্রকাশ করেন।গত ৩০ জুলাই প্রথম আলোর শেষ পাতায় ‘রাষ্ট্রপতি দপ্তরের চিঠি: সহ-উপাচার্যের চাকরি যাওয়া উচিত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।