রাষ্ট্রপতি মামলা দ্রুত নিষ্পত্তি করতে বলেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিচারপ্রার্থীদের ভোগান্তি নিরসনে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আটজন অতিরিক্ত বিচারপতি সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি বলেন, জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিচারকদের ভূমিকা অপরিসীম। জনগণ যাতে দ্রুততম সময়ে ন্যায়বিচার পায় এবং বিনা বিচারে কেউ যাতে দণ্ডিত না হয়, তা নিশ্চিত করা জরুরি।রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আটজন হলেন: বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি ফরিদ আহাম্মদ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল। বিচারপতিরা তাঁদের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা জানান, প্রতি সপ্তাহে প্রায় দেড় শতাধিক মামলা নিষ্পত্তি করা হচ্ছে। বিচারাধীন সব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম মো. হুমায়ুন কবির ও প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।