রাষ্ট্রপতি যেভাবে চাইবেন সেভাবে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সকল দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি যেভাবে চাইবেন, সেইভাবে নির্বাচন কমিশন গঠন করবেন। আমরা তা মেনে নেব।’ গতকাল বৃহস্পতিবার সংসদের ত্রয়োদশ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপি তাদের পরিকল্পনা ও মতামত রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছে। তিনি এটা নিয়ে আলাপ-আলোচনা করবেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সেটাই আমরা চাই। আজকে গণতন্ত্রের যে সুষ্ঠু ধারা সৃষ্টি হয়েছে, সেটা অব্যাহত থাকুক। তাহলে এ দেশের উন্নতি ত্বরান্বিত হবে।’
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিসহ বিএনপির আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এখন ভোট চুরি নিয়ে কথা বলছে। নির্বাচন নিয়ে কথা বলছে। নির্বাচন কমিশন কীভাবে হবে, তা নিয়ে সলাপরামর্শ দেয়। কিন্তু নির্বাচন বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, সেই ’৭৮-এর হ্যাঁ-না ভোট অথবা রাষ্ট্রপতি নির্বাচন। ’৭৯ সালের সেই ভোট কারচুপি থেকে শুরু করে মাগুরা, মেহেরপুর ও ঢাকা-১০ আসনের নির্বাচনের চেহারা দেখা আছে। আর ১৫ ফেব্রুয়ারির যে নির্বাচন বিএনপি করেছিল, তাতে কটা দল অংশ নিয়েছিল? কত শতাংশ ভোট পড়েছিল? এভাবে ভোট চুরি করেছিল বলেই খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারেননি।
উড়োজাহাজে ত্রুটি প্রসঙ্গ: প্রধানমন্ত্রী বলেন, তাঁকে বহনকারী উড়োজাহাজে টেকনিক্যাল কোনো ত্রুটি ছিল না বলে সন্দেহ করা হয়। এটা মানুষের সৃষ্টি। যেকোনোভাবেই হোক কোনো মানুষের দ্বারা এটা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটার ওপর তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
শেখ হাসিনা বলেন, ‘বিমানে স্ক্রু ঢিলার ঘটনা ঘটেছে। আমরা বোয়িং কোম্পানি থেকে তথ্য নিয়েছি। তারা বলেছে, তাদের ছয় হাজার উড়োজাহাজ সারা বিশ্বে চলছে। এ ধরনের ঘটনা আজ পর্যন্ত কোথাও ঘটেনি। কাজেই সন্দেহ করা হয়, এটা কোনো টেকনিক্যাল ব্যাপার নয়।’
এর আগের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আগেরবার আমি যখন আসছিলাম, রানওয়েতে অনেক ধাতব টুকরো পড়ে ছিল। সেখানে বিমান অবতরণ করলে সঙ্গে সঙ্গে উড়ে যেত, এতে সন্দেহ নেই। পাইলট যথাসময়ে এটা দেখে ব্যবস্থা নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে এসএসএফ গিয়ে ধাতব টুকরোগুলো সরানোর ব্যবস্থা করেছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার কথা চিন্তা করি নাই। বিমানে যাঁরা সহযাত্রী ছিলেন তাঁদের জন্যই আমার চিন্তা ছিল বেশি। সেখানে আমাদের ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিমানের ক্রু ও পরিচালনার সঙ্গে জড়িত সকলের জন্য আমার দুশ্চিন্তা ছিল। এ জন্য আমার কাছে যখন মতামত চাওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে ল্যান্ডিংয়ের মত দেই। পরে তুর্কমেনিস্তানে ল্যান্ড করা হয়।’
রোহিঙ্গা প্রসঙ্গে: রোহিঙ্গা সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন দরজা খুলে দিয়ে রোহিঙ্গাদের প্রবেশের ব্যবস্থা করেছিল। এখানে এখন ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। কিন্তু অনিবন্ধিত আছে কয়েক লাখ।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছোট দেশ, এখানে যদি এভাবে রোহিঙ্গা আসে সেটা হবে দেশের জন্য বিরাট বোঝা। তারপরও মানবতার খাতিরে তাদের আশ্রয় দেওয়া হয়েছে, খাদ্য-বস্ত্র সব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে সংসদের অধিবেশন শেষ হয়। এ-সংক্রান্ত ঘোষণা পড়ে শোনান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।