শেষ মুহূর্তে বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই সমাবর্তন হওয়ার কথা ছিল। গতকাল মঙ্গলবার তা স্থগিত করা হয়। সূত্র জানায়. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. জিল্লুর রহমান সমাবর্তনে যোগ না দেওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। গত সমাবর্তন অনুষ্ঠানেও রাষ্ট্রপতি যোগ না দেওয়ায় শিক্ষার্থীরা ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে অনুষ্ঠান পণ্ড করে দেন।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অবৈধভাবে শাখা ক্যাম্পাস খুলে শিক্ষা-বাণিজ্য, দূরশিক্ষণের নামে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এসব কর্মকাণ্ড কিছুটা কমলেও তাতে মন্ত্রণালয় সন্তুষ্ট হতে পারেনি। সমাবর্তন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম সালাহউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘অনিবার্য কারণে সমাবর্তন স্থগিত করা হয়েছে।’সমাবর্তন বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে জানান, ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুষ্ঠানে আসতে পারছেন না। এ জন্য আজ সমাবর্তন অনুষ্ঠানটি হবে না।