রাষ্ট্রপতি হিসেবে চার বছর পূর্ণ করলেন জিল্লুর রহমান
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশের অধিকতর উন্নয়ন ও অগ্রগতি অর্জনে নিরলস কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গভবন এবং অন্যান্য সহযোগী সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান। খবর বাসসের।মো. জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত চার বছর সব কাজে তাঁকে সার্বিক সহযোগিতার জন্য তিনি বঙ্গভবন এবং অন্যান্য সহযোগী সংস্থার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে যাবেন। এ ক্ষেত্রে তিনি কোনো আপস করবেন না। তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।রাষ্ট্রাপতির সচিব ও সামরিক সচিব একটি ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। পরে তিনি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি কেক কাটেন।