রাষ্ট্রপতিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছেন এবং আদর্শ বজায় রেখে রাজনীতি করেছেন। তিনি ধাপে ধাপে জীবনে সাফল্য অর্জন করেছেন। কিন্তু এ সাফল্যের জন্য তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
বঙ্গভবনে গতকাল বুধবার ভাটিশার্দূল মো. আবদুল হামিদ প্রামাণ্য গ্রন্থ-এর মোড়ক উন্মোচনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বইটিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রবীণ রাজনীতিকদের ত্যাগ ও নিষ্ঠা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বহু রাজনীতিকের দীর্ঘ রাজনৈতিক জীবন রয়েছে। তাঁরা দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাসংগ্রামে অবদান রেখেছেন। কিন্তু তাঁদের আন্দোলন-সংগ্রাম অজানাই রয়ে গেছে। পরিবারের সদস্যসহ তাঁরা বিপুল ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের ত্যাগের মাধ্যমে এ দেশের স্বাধীনতা এলেও তা প্রচার পায়নি। তাঁরাও এ ব্যাপারে লিখবেন বলে আমি আশা করি। তাহলে তরুণ প্রজন্ম দেশের অভ্যুদয়ের ইতিহাস জানতে পারবে।’
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ ও নীতিই একদিন তাঁকে রাজনীতিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। প্রামাণ্য গ্রন্থটি সম্পর্কে তিনি বলেন, ‘রাজনৈতিক নেতা, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আমার কাছে তাঁদের অনুভূতি প্রকাশ করেছেন। আমি মনে করি, এটি আমার প্রতি তাঁদের আগ্রহ, ভালোবাসা ও সৌজন্যেরই বহিঃপ্রকাশ।’
প্রায় ৮০ জন লেখক এ গ্রন্থে রাষ্ট্রপতির জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহপাঠী, সহকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাংবাদিক। রাষ্ট্রপতি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব পালন করেন।
এ গ্রন্থের লেখকদের মধ্যে রয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দুর্গাদাস ভট্টাচার্য, রাষ্ট্রপতির সহপাঠী ও সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, সাবেক সচিব শফিক আলম মেহেদী, রাষ্ট্রপতির ছেলে রিয়াদ আহমেদ এবং ভাই অধ্যাপক মো. আবদুল হক।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং গ্রন্থের সম্পাদক ফারুক আহাম্মদ বক্তব্য দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য ও সাংসদেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।