রাষ্ট্রপতিকে চিফ স্কাউটস মনোনয়ন প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চিফ স্কাউটস হিসেবে রাষ্ট্রপতিকে মনোনীত না করার  নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

রুলে স্কাউটের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের না রাখতে এবং খরচ নির্বাহে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় না করার নির্দেশ কেন দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়। এ ছাড়া স্কাউট কাউন্সিলের নির্বাচন স্কাউটদের মধ্য থেকে করতে বিধিবিধান প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, গণপূর্তসচিব, শিক্ষাসচিব, প্রাথমিক ও গণশিক্ষাসচিব, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ নয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশ স্কাউটসের রংপুর জেলা কমিশনার খন্দকার মো. রফিক হাছনাইন এবং এস এম নুরুল্লাহ মাসুম স্কাউট গঠন ও নিয়মসংক্রান্ত বিধানের ২৬(ক)-এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়।