রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে প্রস্তাব

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

জাতীয় সংসদে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব তোলা হয়েছে। রোববার চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব তোলেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা চলছে।

গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিন জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদের চলতি অধিবেশনে সাংসদেরা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। প্রথম দিন সরকারি দলের সাংসদ আলী আশরাফ, শহীদুজ্জামান সরকার, বেনজীর আহমেদ, মেহের আফরোজ প্রস্তাবের ওপর আলোচনা করেন।

কা‌র্য-উপদেষ্টা কমিটি গঠন

স্পিকার দিনের সম্পূরক কর্মসূচিতে একাদশ সংসদের কার্য-উপদেষ্টা কমিটি গঠন করেছেন। স্পিকার পদাধিকার বলে এই কমিটির সভাপতি। কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ, রওশন এরশাদ, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, ওবায়দুল কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী, শরিক দলের নেতা রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।