রাষ্ট্রপতিকে পেয়ে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতিকে কাছে পেয়ে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ীর মানুষ আনন্দে মেতেছিল। স্থানীয় স্কুল নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি উপলক্ষে এসেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর উপস্থিতির কারণে উৎসবটি আর স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তা পুরো ধনবাড়ীবাসীর উৎসবে পরিণত হয়।
তিন দিনব্যাপী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে মানুষ গড়ার কারখানা। আমাদের মনে রাখতে হবে, দেশ ও জনগণের কাছে আমরা প্রত্যেকেই দায়বদ্ধ। স্কুলগুলো পরিচালিত হয় জনগণের অর্থে। যেখানে পড়ালেখা করে আমাদের সন্তানেরা। তাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম বজায় রাখা আমাদের দায়িত্ব।’
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির কল্যাণই হবে তোমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোনো ধরনের লোভ-লালসা বা হীন স্বার্থ চরিতার্থের মনোবৃত্তি যেন তোমাদের কোমল মনকে কলুষিত করতে পারে না। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষা প্রসারে অবকাঠামো নির্মাণ ও সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার উপবৃত্তি প্রদান করছে। বছরের প্রথম দিনেই প্রাক্-প্রাথমিক থেকে শুরু করে এসএসসি ও সমমানের ছাত্রছাত্রীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর ফারুক আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বক্তব্য দেন।
রাষ্ট্রপতি সভাস্থলে পৌঁছালে হাজার হাজার মানুষ তাঁকে করতালি দিয়ে অভিনন্দন জানায়। অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যের মাধ্যমে রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়।
রাষ্ট্রপতি লিখিত বক্তব্যের বাইরে উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, ‘অনেকে মনে করেন রাষ্ট্রপতি হয়ে কত সুখে-শান্তিতে আছি। আমার কিন্তু জীবনের বারোটা বেজে গেছে। রাষ্ট্রপতি হওয়ার পর আমার অবস্থা গরুর খোঁয়াড়ে থাকার মতো। কাছের মানুষকেও দূরে সরিয়ে দেয়।’
শতবর্ষপূর্তি উৎসবকে কেন্দ্র করে এবং রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপজেলা সদরে প্রায় ১০০ তোরণ নির্মাণ করা হয়। পুরো উপজেলা সদরকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। সকালে নওয়াব ইনস্টিটিউশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।