রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে: আপিল বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে’ উল্লেখ করে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট করতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আদালত বলেছেন, ‘মন্ত্রণালয়ে কর্মকর্তা আছেন, তাঁদের সামান্যতম জ্ঞান থাকলে ওই চিঠি করতেন না।’

রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ ১৫ জানুয়ারি পর্যন্ত বিষয়টি মুলতবি করেছেন।

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছেন, দুই সচিবকে ডাকার পর তাঁরা বললেন, রাষ্ট্রপতি বলেছেন, এটি গেজেটে প্রকাশের প্রয়োজন নাই। এই বিষয়টি সুরাহার জন্য দুই মাস সময় চাওয়া হয়েছিল। আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।

এদিকে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা নিয়ে সর্বোচ্চ আদালতের শুনানি ও ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সাংবাদিকদের বলেন, অধস্তন আদালতের শৃঙ্খলা ও আচরণ বিধিমালার খসড়া গেজেটে প্রকাশের বিষয়ে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির মতামতের পর আইনমন্ত্রী হিসেবে এ বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার তাঁর নেই।

জানা গেছে, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়ায় ৮ ডিসেম্বর আপিল বিভাগ আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হককে ১২ ডিসেম্বর আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী দুই সচিব গতকাল সকালে আদালতে হাজির হন।

গত রোববার বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক আচরণ বিধিমালা, শৃঙ্খলা বিধিমালা ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭ সংশোধনকল্পে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত খসড়া গেজেটে প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই মর্মে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে একটি চিঠি পাঠানো হয়।

ক্রম অনুসারে মামলা ডাকা হলে সোয়া নয়টার দিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণালয় থেকে রোববার পত্র জারির বিষয়টি জানান। এ সময় দুই সচিব দাঁড়িয়ে যান। আদালত তাঁদের বসতে বলেন। আদালত বলেন, ‘এর অনুলিপি পাইনি। এ বিষয়ে কিছুই জানি না। এটি আদালতকে তো জানাবেন।’ পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইন মন্ত্রণালয়ের ওই চিঠি পড়ে শোনান।

আদালত বলেন, ‘মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দেওয়া হয়, এর মধ্যে বিচারকদের সার্ভিস রুলসের বিষয়টিও রয়েছে। ১৪ বছর ধরে বলা হলেও তা করা হয়নি। এটি আমরা না, আপনারা (মন্ত্রণালয়) খসড়া করে পাঠিয়েছিলেন, দেখা গেল তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী, আমরা সংশোধন করে দিয়েছি মাত্র। রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।...আমরা হাসব না কাঁদব বুঝছি না। কী করছেন? আমরা চাই এটি রাষ্ট্রের একটি অঙ্গ হিসেবে ভারসাম্য নিয়ে চলুক। মন্ত্রণালয়ে কর্মকর্তা আছেন, তাঁদের সামান্যতম জ্ঞান থাকলে ওই চিঠি করতেন না।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘ইস্যুটির নিষ্পত্তি চাই, সময় দরকার।’ আদালত বলেন, ‘কোনো ইস্যু নেই। দুই সপ্তাহ, পরে দুই মাস সময় চাইলেন। আপনারা যেটি দিয়েছিলেন, তা সংশোধন করেছি।’ এরপর আদালত সচিবদের বক্তব্য শোনেন। প্রথমে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব শহিদুল হক বলেন, এ বিষয়ে বিচার বিভাগের সচিব সামারি দিয়েছিলেন, তিনি বললে ভালো হয়। পরে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, ‘সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়, ওখান থেকে যেভাবে পাঠিয়েছেন, সেভাবেই দেওয়া হয়েছে।’

আদালত বলেন, ‘আমরা সংঘাতে যেতে চাই না। প্রস্তাব আমরা করিনি, আপনারা খসড়া দিয়েছিলেন। আপনাদেরটা মাসদার হোসেন মামলার নির্দেশনার আলোকে হয়নি। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগের ক্ষমতা আছে। তাই আপনারা যেভাবে পাঠাবেন, সেভাবেই হবে। এ সময় আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, ওপর থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, সেভাবে করা হয়, নিজে থেকে করেননি।

সচিবের উদ্দেশে আদালত বলেন, ‘মি. সেক্রেটারি, আপনি বিচার বিভাগের সদস্য। ওপরের নির্দেশে করতে হলে কেন আপনাকে রাখা হবে? যোগাযোগ ও সমন্বয় করবেন। মি. আউয়ালকে (সাবেক আইনসচিব) এ কারণে সরানো হয়েছিল। আপনি ভুল করছেন। নিচ থেকে ওপরে যায়।’ একপর্যায়ে আইনসচিব বলেন, ‘যেভাবে আদেশ দেবেন, সেভাবে করা হবে।’ আদালত বলেন, ‘বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন। এখানে কোনো আপস নেই। ১৫ জানুয়ারির ভেতর গেজেট উপস্থাপন করবেন।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এমন জায়গায় গেছে, সময় লাগবে। আদালত বলেন, ‘এটি ভুল-বোঝাবুঝি। আমরা মাসদার হোসেন মামলার রায় দুবার রিভিউ করেছি। দেশের সংবিধান আছে, জুডিশিয়াল সংবিধান হিসেবে এটি বিবেচিত। বিধিমালা করে দেওয়া হয়েছে, এখানে ত্রুটি থাকলে পয়েন্ট আউট করতে পারেন।’

আদালত বলেন, ‘এক মাস বেশ সময়। মন্ত্রিসভার সিদ্ধান্ত লাগবে না, সংসদে যেতে হবে না। এসআরও করে দিলে হবে। আপনারা মাসদার হোসেন মামলার রায় মেনে নিয়েছেন। এর আশি ভাগ কার্যকর হয়েছে। সরকারও এটি মনে নিয়েছেন। আপনারা করে নিয়ে আসেন।’ অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ পর্যায়ে গেছে।’ আদালত বলেন, ‘ভুল ফাইল পাঠানো হয়েছে। ওনার (আইনসচিব) জবাব নাই।’ পনেরো মিনিটের মতো শুনানির পর আদালত ১৫ জানুয়ারি পর্যন্ত বিষয়টি মুলতবি করেন।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন সুপ্রিম কোর্ট। এর আলোকে শৃঙ্খলাবিধি তৈরি করে আপিল বিভাগকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গত ৭ নভেম্বর আদালতের নির্দেশনার আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে জারি না করায় অসন্তোষ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। ওইদিন আদালত বলেছিলেন, দেশের একটি বিভাগ এভাবে জিম্মি হয়ে থাকতে পারে না। তথ্য আছে, কিছু বিচারক শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন। কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর আপিল বিভাগ ২৪ নভেম্বরের মধ্যে বিধিমালা গেজেট আকারে দাখিল করতে নির্দেশ দেন। ধার্য তারিখে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। সেদিন রাষ্ট্রপক্ষ আবারও সময়ের আবেদন জানালে আদালত ৮ ডিসেম্বর শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। ধার্য তারিখে গেজেট প্রকাশিত না হওয়ায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে ১২ ডিসেম্বর সকাল নয়টায় আদালতে হাজির হতে বলা হয়। গতকাল দুই সচিব হাজির হন।