রাষ্ট্রপতিকে শিল্পাচার্যের জীবন ও কর্ম নিয়ে বই উপহার

দেশের আধুনিক চারুশিল্প চর্চার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ আগামী ডিসেম্বরে। এ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির বিখ্যাত প্রকাশনা সংস্থা স্কিরা যৌথভাবে শিল্পাচার্যের জীবন, কর্ম এবং শিল্পকর্ম নিয়ে ‘গ্রেট মাস্টার অব বাংলাদেশ: জয়নুল আবেদিন’ নামের একটি বই প্রকাশ করেছে। সম্প্রতি ইতালি থেকে বইটি ছাপা হয়েছে।
গতকাল রোববার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদকে বইটি উপহার দেন বেঙ্গলের প্রতিনিধিরা। প্রতিনিধিদলে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। তাঁরা শিল্পাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এতে সম্মতি দেন। আগামী অক্টোবর মাসে সুবিধামতো সময়ে এই অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হবে।