রাষ্ট্রপতিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় ভৈরববাসী
শেষবারের মতো রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর নিজ উপজেলা ভৈরবে এসেছিলেন ২০০৯ সালের ১৩ জুলাই। স্থানীয় হাজি আসমত কলেজ মাঠে সেদিন তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এর পর থেকে অপেক্ষা, আবার কবে ঘরের ছেলে জন্মস্থানের মাটিতে পা রাখবেন। অবশেষে আজ শুক্রবার তিনি আসছেন, তবে জীবিত নন, আসবে তাঁর মৃতদেহ।জানা যায়, আজ শুক্রবার সকাল নয়টার মধ্যে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতির মরদেহ ভৈরবে আনার কথা। জানাজা হবে ভৈরবের হাজী আসমত কলেজ মাঠে।ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া বলেন, রাষ্ট্রপতিকে শেষশ্রদ্ধা জানাতে ভৈরববাসী ব্যাকুল। এদিকে ঘরের ছেলেকে হারানোর বেদনায় ভৈরববাসী এখন শোকে কাতর। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সব সরকারি-বেসরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সবাই কালো ব্যাজ ধারণ করেন। নিজ বাড়ি শহরের ভৈরবপুরের ‘আইভি ভবনে’ গতকাল বৃহস্পতিবার ছিল হাজারো মানুষের ভিড়। ভিড় ছিল দলীয় কার্যালয়েও। রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনায় সব মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা হয়েছে। শোক জানিয়ে বিভিন্ন সড়কে ব্যানার টানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোক র্যালি বের করেছে।গতকাল আইভী ভবনে ছুটে আসা রোকসানা বেগম নামের এক বৃদ্ধ বলেন, ‘শেষ, সব শেষ হইয়া গেছে। জিল্লু ভাই নাই, আমরা কী লইয়া গর্ব করুম?’ রাষ্ট্রপতির পরিবারের ঘনিষ্ঠ এম এ লতিফ বলেন, ‘জিল্লুর রহমান ভৈরবকে জেলা হিসেবে দেখতে চেয়েছিলেন; জীবদ্দশায় তা দেখে যেতে পারলেন না।’