সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সাক্ষাৎকালে আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে সেই এখতিয়ার পালনের অনুরোধ জানিয়ে প্রস্তাব দেবে। আর এই প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে। অন্য সদস্যরা হলেন উপদেষ্টা পরিষদের সদস্য শফিক আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, রশিদুল আলম, মো. জমির ও আবদুল বাসেত মজুমদার; সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও আবদুল মান্নান খান; যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু।
আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি নির্বাচন কমিশন গঠন-সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে সংগঠনের সভাপতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করবেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে আওয়ামী লীগকে ১১ জানুয়ারি বুধবার বিকেল চারটায় রাষ্ট্রপতি ডেকেছেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। এরপর নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, নেতাদের সঙ্গে একান্তে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, তিনি উপদেষ্টা পরিষদকে সক্রিয় করতে চান। এটাকে দলের কার্যকর থিংক ট্যাংক বা চিন্তাকোষ হিসেবে গড়ে তুলতে চান। বৈঠকে প্রায় সবাই নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বক্তৃতা করেন।
শুরুতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে সেই এখতিয়ার পালনেরই মত দেওয়া উচিত। তিনি আরও বলেন, সংবিধানে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা বলা নেই। তারপরও রাষ্ট্রপতি তাঁর এখতিয়ারে সেটা করছেন। এতে ভালোই হয়েছে। কমিশনও তাঁর এখতিয়ারমতেই হোক।
এইচ টি ইমাম বলেন, এখনো বিএনপি-জামায়াতের লোক নির্বাচন কমিশনে বসে আছেন। কমিশনের ওপর নিয়ন্ত্রণ নেই সরকারের। উপদেষ্টা রাশিদুল আলম বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে আইন অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবেই, ধরে নাও।’ কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে শেখ হাসিনা বলেন, এই বিষয়ে তাঁরা একটি প্রস্তাব রাষ্ট্রপতিকে দেবেন। তবে সংবিধান অনুসারে নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। এটাই বলে আসবে আওয়ামী লীগ।