রাষ্ট্রপতির এপিএস পরিচয়ে প্রতারণা যুবক গ্রেপ্তার
তিনি নিজেকে পরিচয় দিতেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-এপিএস হিসেবে। এই পরিচয়ে বিভিন্নজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। তবে সর্বশেষ সাড়ে তিন লাখ টাকা নিয়েই ফেঁসে গেলেন তিনি। গত শনিবার গোলাম সরোয়ার নামের ওই ব্যক্তিকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম সরোয়ার দীর্ঘদিন ধরে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রামের পতেঙ্গার এক বাসিন্দার এক আত্মীয়কে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবেন বলে ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেন তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই ব্যক্তি গত শনিবার তাঁর বিরুদ্ধে উত্তরা থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের সহযোগিতায় সন্ধ্যার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব বা আত্মীয় পরিচয় দিয়ে একটি চক্র এ ধরনের প্রতারণা আশ্রয় নিচ্ছে। প্রকৃতপক্ষে তাদের সঙ্গে রাষ্ট্রপতির কোনো দিক দিয়েই সম্পর্ক নেই।