রাষ্ট্রপতির কথা বারবার কেন বলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বারবার কেন রাষ্ট্রপতির কথা বলছেন?’ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত পৃথক বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করে রাষ্ট্রপক্ষের আবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার শুনানিতে প্রধান বিচারপতি এ কথা বলেন।
এর আগে ১৪ মার্চ রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহ সময় দিয়ে ২৮ মার্চ দিন রাখেন। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে বিষয়টি আদেশের জন্য ছিল।
সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। প্রধান বিচারপতি এ সময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘এটা কি রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা? সংসদীয় সরকার ব্যবস্থা। বারবার কেন রাষ্ট্রপতির কথা বলছেন?’
প্রধান বিচারপতি বলেন, ‘পুলিশ অ্যাক্ট দেখুন, আইজিপি সব করছেন। আর্মি অ্যাক্ট দেখুন। বারবার রাষ্ট্রপতিকে দেখিয়ে বিচার বিভাগকে এভাবে ফেলে রাখবেন নাকি?’ পরে আদালত এক সপ্তাহ সময় দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়, আইন মন্ত্রণালয় আশা করছে, প্রস্তাবিত বিধিমালার বিষয়ে রাষ্ট্রপতি চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর ২০১৫ সালের ৭ মে আইন মন্ত্রণালয় বিধিমালার একটি খসড়া তৈরি করে সুপ্রিম কোর্টে পাঠায়। ওই বিধিমালা সংশোধন করে দেন আপিল বিভাগ। এ খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিধিমালা গেজেট আকারে জারি করে তা দাখিল করতে গত বছরের ২৮ আগস্ট আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময় নেয়। এরপর আপিল বিভাগের নির্দেশে গত ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিব আদালতে হাজির হন। এর ঠিক এক দিন আগে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে বলা হয়, প্রস্তাবিত খসড়া গেজেট প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন। ওই দিন আপিল বিভাগ বলেন, এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, এখানে কোনো আপস নেই। এরপর ১২ ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ কয়েক দফা সময়ের আবেদন করে সময় নেয়।