রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের প্রতিবেদন
রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে গতকাল বুধবার বঙ্গভবনে বার্ষিক প্রতিবেদন-২০১৪ জমা দিয়েছে আইন কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল প্রতিবেদনটি জমা দেয়। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠককালে কমিশনের চেয়ারম্যান ওই প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতিকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক জানান, কমিশন বর্তমানে ‘এলিমিনেশন অব ডেসক্রিমিনেশন ল অ্যান্ড এভিডেন্স অ্যাক্ট, ১৮৭২’ নিয়ে কাজ করছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিবেদন জমা দেওয়ার সময় আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির এবং শাহ আলম চেয়ারম্যানের সঙ্গে ছিলেন। এ ছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।