রাষ্ট্রপতির কাছে চার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবনে গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন চেক প্রজাতন্ত্র, মালি, মোঙ্গলিয়া ও পর্তুগালের রাষ্ট্রদূতেরা।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, চেক প্রজাতন্ত্রের মিলান হোভোর্ক, মালির নিয়ানকোরো জিয়াহ্ সামাকে, মোঙ্গলিয়ার গনচিং গানবোল্ড ও পর্তুগালের জেয়াও দা কামারা রাষ্ট্রপতির কাছে নিজ নিজ পরিচয়পত্র পেশ করেন। এই চারজনই অনাবাসিক দূত।
রাষ্ট্রপতি রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে তাঁদের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁরা বাংলাদেশ ও নিজ নিজ দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ক্রম উন্নতির প্রেক্ষাপটে তাঁদের বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোরও পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।
বৈঠককালে বিদেশি রাষ্ট্রদূতেরা বলেন, তাঁরা বাংলাদেশের সঙ্গে তাঁদের দেশের দ্বিপক্ষীয়ÿসম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং তাঁদের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশে অনেক অব্যবহৃত ক্ষেত্র রয়েছে। ওই সব ক্ষেত্রে যথাযথ অনুসন্ধান চালালে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।’ এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ এবং ওই সব দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পর্যায়ে সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।