রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত জর্জিয়া, রোমানিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতেরা গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে পৃথকভাবে তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। তাঁরা হলেন জর্জিয়ার আরচিল জুলিয়াসভিলি, রোমানিয়ার রাদু অকটাভিয়ান ডোবরে এবং ইউক্রেনের ইগোর পোলিখা।
রাষ্ট্রপতি তিন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়।
পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতদের দায়িত্ব পালনকালে এসব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এবং বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ নিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান। এ সময় তাঁরা রাষ্ট্রপতিকে আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তিন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।