রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে ওই প্রতিবেদন তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম এবং দুদকের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৯(১) ধারা অনুযায়ী প্রতিবছর সংস্থার আগের বছরের কার্যাবলি সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, এবারই প্রথমবারের মতো কমিশনের প্রতিবেদনে ৩২টি সুপারিশ তুলে ধরা হয়েছে। সরকারি সেবা, সরকারি নিয়োগ, সরকারি ক্রয় কার্যাদি, সরকারি নির্মাণ-মেরামত-সংস্কার, কার্যপদ্ধতি সংস্কার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সাতটি ক্যাটাগরিতে এসব সুপারিশ তুলে ধরা হয়েছে।