রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন চার দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে গতকাল মঙ্গলবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চিলি, জর্জিয়া ও কলম্বিয়ার তিন রাষ্ট্রদূত এবং গায়ানার হাইকমিশনার। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, চিলির রাষ্ট্রদূত আনদ্রেস অগুসেত্মা বার্বে গঞ্জালেস, জর্জিয়ার রাষ্ট্রদূত লেভান নিঝারাদজে, কলম্বিয়ার রাষ্ট্রদূত মনিকা ল্যানজেটা এবং গায়ানার হাইকমিশনার জয়রাম রোনাল্ড গাজরাজ রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। তাঁদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাষ্ট্রদূতেরা নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষত বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে আরও দৃঢ় করতে যথাসাধ্য চেষ্টা করবেন।
রাষ্ট্রপতি তাঁদের বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিদেশি দূতেরা রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের সঙ্গে তাঁদের নিজ নিজ দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে তাঁরা কাজ করবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিদেশি দূতেরা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের আলাদাভাবে গার্ড অব অনার দেন।