রাষ্ট্রপতির কাছে বিএবির পঞ্চবার্ষিক প্রতিবেদন পেশ
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে প্রথমবারের মতো বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) পঞ্চবার্ষিক প্রতিবেদন (২০০৬-২০১১) পেশ করা হয়েছে। বঙ্গভবনে গতকাল বৃহস্পতিবার বিএবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মিয়াজী প্রতিবেদনটি হস্তান্তর করেন। খবর তথ্যবিবরণীর।এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএবি পরিচালনা পর্ষদের সদস্য এ এন নাসিম উদ্দিন আহমেদ।প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে অবহিত করেন যে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে অ্যাক্রেডিটেশন সনদ খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা জানান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বিভিন্ন পরীক্ষাগার, সনদ প্রদানকারী সংস্থা, পরিদর্শন সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি, রপ্তানিযোগ্য খাদ্যপণ্য, ওষুধ, পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্যের অ্যাক্রেডিটেশন সনদ প্রদান করে থাকে।রাষ্ট্রপতি বলেন, রপ্তানি সম্প্রসারণে পণ্যের গুণগত মান বাড়ানো একান্ত প্রয়োজন। এই লক্ষ্যে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।