রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ভূঁইয়া শফিকুল
পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
মন্ত্রণালয়ের আরেক আদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম শামসুদ্দিন আজাদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে।
এর আগে আজই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তবে তাঁকে কোনো নতুন দপ্তর দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আগামীকাল বৃহস্পতিবারই দিলরুবার শেষ কর্মদিবস। কারণ আগামী শনিবার কাজ শেষে তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। এ কারণে তাঁকে কোনো দপ্তর দেওয়া হয়নি। তাঁকে জনপ্রশসান মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।