রাষ্ট্রপতির কুলখানিতে সর্বস্তরের মানুষ
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুলখানি গতকাল শনিবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোরআনখানি ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।বাদ জোহর পবিত্র কোরআন তিলাওয়াত শুরু হয়। রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। এর আগে কোরআন তিলাওয়াত করেন কারি মাসউদুর রহমান।কুলখানিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিক ও রাষ্ট্রপতির একমাত্র ছেলে নাজমুল হাসান, দুই মেয়েসহ আত্মীয়স্বজনেরা অংশ নেন। তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্য দোয়া ও মোনাজাতে অংশ নেন।কুলখানিতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, নুরুল ইসলাম নাহিদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, আব্দুর রাজ্জাক, কাজী জাফর আহমদ, রুহুল আমিন হাওলাদার, আ স ম আব্দুর রব, এইচ টি ইমাম, আবুল কালাম আজাদ, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শামসুল হক টুকু প্রমুখ। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন এ কুলখানির আয়োজন করে।কবর জিয়ারত: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর জিয়ারতের জন্য নাজমুল হাসান পরিবারের সদস্যদের নিয়ে গতকাল বেলা ১১টা ৫৫ মিনিটে বনানী কবরস্থানে পৌঁছান। তাঁরা প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করেন। পরিবারের সদস্যরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এদিকে গতকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা ও কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশ নেন।আজ স্মরণসভা: এদিকে আজ রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রপতির স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো বন্ধ থাকবে।