
সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার ক্ষেত্রে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। যুদ্ধাপরাধীদের বেলায় রাষ্ট্রপতির এই ক্ষমতা সংবিধান সংশোধন করে রহিত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটা বাতিল বা সংশোধন করা যায় না। রাষ্ট্রপতির কাছে এমন কিছু ক্ষমতা থাকা দরকার বলেও মনে করেন তিনি।
সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সংবিধানে বলা আছে, বেশকিছু মৌলিক অধিকার মানবতাবিরোধী অপরাধীদের জন্য প্রযোজ্য হবে না। কিন্তু ৪৯ অনুচ্ছেদে সাধারণ ক্ষমার বিষয়ে দিকনির্দেশনা না থাকায় কিছুটা বিভ্রান্তি রয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, রাষ্ট্রপতি যেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের সাধারণ ক্ষমা না করতে পারেন, এ জন্য আইনটি সংশোধন করা হোক।
সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি যাতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করতে না পারেন, সে জন্য আইনটি সংশোধনের কথা ভাবা হচ্ছে।
কিন্তু গতকাল প্রধানমন্ত্রী বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, ‘সবসময় রাষ্ট্রপতির একটি অধিকার থাকে এবং তা থাকতেই হবে। আমরা দেশ চালাই। নাগরিকের অধিকার ও মৌলিক অধিকার সুরক্ষিত করতে হলে কিছু কিছু এ ধরনের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির হাতে থাকতে হবে। এটা কখনো বন্ধ করা যাবে না।
সংবাদ সম্মেলনে আগাম নির্বাচন সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একটি নির্বাচন হয়েছে, পরবর্তী সময়ে আরেকটি নির্বাচন আসবে। সেটা আগেও হতে পারে, মেয়াদ পূর্ণ করার পরও হতে পারে।
গত ৫ জানুয়ারির নির্বাচন ছিল নিয়মরক্ষার জন্য, তাই এখন আগাম নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বিধিব্যবস্থায় যেকোনো সময়ে নির্বাচন দেওয়ার অধিকার সরকারের থাকে।
প্রধানমন্ত্রী বলেন, ‘মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর আমার ছুটি।’ তবে ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটি নির্বাচন যখন হয়েছে তখন আরেকটি নির্বাচনও হবে, আর সেটা নির্দিষ্ট সময়েই হবে। কে কী বুঝল, তাতে কিছু আসে-যায় না। যে যার মতো বুঝতে চায়, বুঝে নিক। বোঝাটা তো যার যার নিজের ব্যাপার। আমি তো বুঝিয়ে দিতে পারব না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জনগণ ভোট দিয়ে পাঁচ বছরের জন্য সরকার নির্বাচন করে। এর আগে কোনো সরকারই পাঁচ বছর ক্ষমতায় থাকেনি। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ক্ষমতায় থেকে আমরাই দৃষ্টান্ত স্থাপন করেছিলাম।’
আরব-আমিরাত সফর ব্যর্থ—বিএনপির এমন দাবি প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা প্রতি পদে পদে ব্যর্থ, তারা এমনভাবেই সবকিছুকে দেখবে। তারা তো বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানিয়েছিল। তারা জ্বালিয়ে-পুড়িয়ে নির্বাচন বানচাল করতে না পেরে এমন কথা বলছে।’
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের বিষয়ে ইইউর উদ্বেগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিচার চলছে। মানবতাবিরোধীদের শাস্তি দিলেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বেগ প্রকাশ করে। ১৯৭১ সালে মানুষ হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘন করে নাই?—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘যারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের মানবাধিকার নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে কীভাবে।’
এ সময় প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন ফিলিস্তিনের নারী ও শিশুদের ইসরায়েল হত্যা করে, তখন ইইউর মানবাধিকার বিষয়ে উদ্বেগ কোথায় ছিল?’
প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে একজন সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি আছি এক্সটেনশন লাইফে। মৃত্যু নিয়ে আমি উদ্বেগ বোধ করি না। যে জন্মাবে তাকে মরতেই হবে।’ এ সময় প্রধানমন্ত্রী তাঁর ওপর বিভিন্ন হামলা ও হত্যাচেষ্টার বিবরণ তুলে ধরেন।
বর্ধমানে বোমা বিস্ফোরণ ও ভারতে জঙ্গিদের আশ্রয় নেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যেকোনো ধরনের জঙ্গি তৎপরতা বন্ধে বাংলাদেশ ও ভারত একমত। এ সম্পর্কে ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত খবর যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
জমি বিক্রি করে বিদেশ না গিয়ে সেই টাকায় দেশে ব্যবসা-বাণিজ্য করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি।’ দালালদের প্রলোভনে পড়ে শ্রমিকদের বিদেশে না যাওয়ার অনুরোধ জানান তিনি।
সংযুক্ত আরব আমিরাতে এক হাজার গৃহকর্মী নিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিনা খরচে পাঠানো হবে। তাই এ নিয়ে কেউ যেন দালালদের খপ্পরে না পড়ে।
সংযুক্ত আরব আমিরাত সফর অত্যন্ত সফল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সফরের পর সেখানকার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পটুয়াখালীর পায়রায় একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও টেকনাফ থেকে মিরেরসরাই পর্যন্ত মেরিন ড্রাইভওয়ে নির্মাণের সিদ্ধান্তের কথা জানিয়ে তাদের বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রমুখ।