মানবতাবিরোধী অপরাধীদের রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বন্ধ হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, এই অপরাধে দণ্ডিত কোনো অপরাধী যাতে ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ নিয়ে পার পেয়ে না যায়, সে জন্য পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল রোববার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। পরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও এ ধরনের ইঙ্গিত দেন তিনি।
বিয়ামে ‘জুডিশিয়াল মেডিয়েশন স্কিল ট্রেনিং ফর অ্যাকটিভ জাজেজ’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক হবে, যদি কোনো রাষ্ট্রপতি ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধীদের ক্ষমা করেন। এটা বলার অপেক্ষা রাখা উচিত নয় যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি আর্টিকেল (সংবিধানের অনুচ্ছেদ) ৪৯-এর ক্ষমতাবলে একজন মানবতাবিরোধী অপরাধীকে ক্ষমা করে দেবেন, আর আমরা দেখে যাব, সেটা সম্ভব নয়। কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে নিজামী ও মুজাহিদ বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, মন্ত্রী হয়েছেন। তাই আমার ব্যক্তিগত মত, এ ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর্টিকেল ৪৯-এর দোহাই দিয়ে এ রকম মানবতাবিরোধী অপরাধীরা যেন বেরিয়ে না যান—এ ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। কোন আইনে আনতে হবে, সংবিধান পরিপন্থী যেন না হয়, সে ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত।’
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রিভিউ পিটিশনসংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, অপরাধী সংগঠনের সাজার বিধান রেখে আগামী ৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া ওঠার সম্ভাবনা আছে। এর আগে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রপতির দণ্ড মওকুফের সুযোগ না রাখা, সাঈদীর রিভিউ পিটিশন এবং জামায়াতে ইসলামীর বিচারের দাবিতে আইনমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয় গণজাগরণ মঞ্চ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রয়াত অধ্যাপক পিয়াস করিমের বাবা এম এ করিম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন। একাত্তর সালের মাঝামাঝি পিয়াস করিমকে তাঁদের বাড়ির সামনের ফটক থেকে পাকিস্তানি বাহিনী ধরে সার্কিট হাউসে নিয়ে যায়। তখন তাঁর বয়স ছিল ১৩-এর মতো। সম্ভবত মুক্তিযুদ্ধের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন এমন খবর ছিল। এ জন্য পিয়াস করিমের বাবার বন্ড দিতে হয়। স্বাধীনতার মাস দুয়েক আগে এম এ করিমকে শান্তি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
আইনমন্ত্রী জানান, এম এ করিমের সঙ্গে তাঁর বাবার বন্ধুত্ব ছিল|