রাষ্ট্রপতির ক্ষমায় খুনিরা উৎসাহিত হচ্ছে: বিএনপি
বিএনপি দাবি করেছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রপতির ক্ষমা পাওয়ায় খুনিরা আরও উৎসাহিত হচ্ছে। দলটি বলেছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী হলেই ফাঁসির দণ্ডসহ সব দণ্ড মাফ। বর্তমান অবৈধ সরকারের আমলে এটি যেন রেওয়াজে পরিণত হয়েছে।
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি ফরিদপুরে যুবলীগের নেতা আসলাম ফকিরের ফাঁসির দণ্ড রাষ্ট্রপতি কর্তৃক মাফ করার কথা উল্লেখ করেন।
আসলাম ফকিরের দুই দফায় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের উল্লেখ করে রিজভী প্রশ্ন তোলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে সেটা আবার কীভাবে গৃহীত হয়? এভাবেই ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাসীন দলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীরা ক্ষমা পেয়ে যান।
রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত ২৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছে। এর মধ্যে ২২ জন ক্ষমা পেয়েছে ‘অবৈধ ও ভোটারবিহীন’ এই সরকারের আমলে। যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, তারা রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেয়েছে।
এ প্রসঙ্গে রিজভী লক্ষ্মীপুরের বিএনপির নেতা নুরুল ইসলাম হত্যায় আওয়ামী লীগের নেতা আবু তাহেরের ছেলে এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ, নাটোরের আলোচিত গামা হত্যা মামলায় ২০ আসামির দণ্ড মওকুফ ও নাটোরের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যাকারীদের সাজা মওকুফের ঘটনার উল্লেখ করে। তিনি বলেন, এভাবে দণ্ডপ্রাপ্ত আসামিদের দণ্ড রাষ্ট্রপতি মওকুফ করে দেওয়ার ঘটনায় খুনিরা আরও উৎসাহিত হচ্ছে।
জনগণই সরকার উৎখাতে প্রস্তুত: সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ সরকারকে উৎখাতের জন্য তো জনগণ প্রস্তুত। এর জন্য ষড়যন্ত্রের কী আছে।
মোসাদের সহায়তায় বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে বিএনপি প্রতিক্রিয়া কী? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ সরকারের পতন এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। কারণ, যে সরকারের জনসমর্থন থাকে না, সে সরকার যেকোনো সময়ে পড়ে যেতে পারে। তার জন্য দেশে বা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের কোনো দরকার নেই। একটি পতিত ও গণবিচ্ছিন্ন সরকারের বিরুদ্ধে বিএনপি কেন ষড়যন্ত্র করতে যাবে।