রাষ্ট্রপতির ক্ষমায় দণ্ড মওকুফ পাওয়া ব্যক্তিকে আত্মসমর্পণের নির্দেশ
প্রায় ১৯ বছর আগে রাষ্ট্রপতির ক্ষমায় দণ্ড মওকুফ পাওয়া এক ব্যক্তিকে ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দণ্ড মওকুফের সময় আইনের দৃষ্টিতে পলাতক বিবেচনায় সরোয়ার কামাল নামের কক্সবাজারের ওই ব্যক্তিকে আত্মসমর্পণের এই নির্দেশ দেওয়া হয়।নিম্ন আদালতের জারি করা গ্রেপ্তারি ও সাজা পরোয়ানার বিরুদ্ধে সরোয়ার কামালের আবেদন খারিজ করে গতকাল বুধবার এই রায় দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে তাঁর ক্ষেত্রে হাইকোর্টের সাজা বহাল ও আত্মসমর্পণের নির্দেশ-সংক্রান্ত নথিপত্র যথাসময়ে নিম্ন আদালতকে অবহিত না করার বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত।রায় ঘোষণাকালে আদালত পর্যবেক্ষণে বলেন, পলাতক থাকা কোনো ব্যক্তিকে ক্ষমা করে রাষ্ট্রপতির দেওয়া আদেশ আইনের শাসন ও ন্যায়বিচারের পরিপন্থী। আইনের শাসনের দৃষ্টিকোণ থেকে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসরণ করে রাষ্ট্রপতি যদি পলাতক আসামিকে ক্ষমা করে থাকেন, তা ক্ষমতার অপপ্রয়োগ ও স্বেচ্ছাচারিতা। ক্ষমার ওই আদেশ অশুদ্ধ ও আইনের সঙ্গে সংগতিহীন।আদালত বলেন, এই মামলার ক্ষেত্রে (সরোয়ার কামাল) আসামির সাজা বহাল ও আত্মসমর্পণ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এই নির্দেশ প্রতিপালন না করে তথ্য গোপন করে সুকৌশলে সরকার বা রাষ্ট্রপতির কাছ থেকে সাজা মওকুফ হাসিল করা হয়। তথ্য গোপন করে এ ধরনের আদেশ নেওয়া হলে ধরে নেওয়া হবে, এসব তথ্য সরকার বা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে সিদ্ধান্ত অন্যরূপ হতে পারত।আদালতে সরোয়ার কামালের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম জাফর সাদিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ।পরে এস এম জাফর সাদিক প্রথম আলোকে বলেন, এখন বিচারিক আদালতই সরোয়ার কামালের দণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গাজী মো. মামুনুর রশীদ বলেন, হাইকোর্টের এই আদেশের কারণে সরোয়ার কামালকে দণ্ড ভোগ করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মারধরের কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সরোয়ার কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৯৮১ সালের ২৫ জুলাই কক্সবাজারের টেকনাফ থানায় মামলা হয়। ওই মামলার রায়ে ১৯৮৯ সালের জুলাই মাসে বিচারিক আদালত তাঁদের ১০ বছর করে কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে সরোয়ার হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট ১৯৯১ সালের ২৮ আগস্ট তাঁর আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান। আপিলের শুনানি শেষে ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর দণ্ড দুই বছর কমিয়ে আট বছর করেন এবং তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তবে সরোয়ারের স্ত্রী ১৯৯১ সালের ১৩ জুন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন। ১৯৯৩ সালের ১২ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি তাঁর সাজা মওকুফ করেন। এদিকে হাইকোর্টের রায় বিচারিক আদালতে পৌঁছালে ১৯৯৭ সালের ৩০ জুন সংশ্লিষ্ট আদালত সরোয়ারের বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর বিরুদ্ধে নিম্ন আদালতে আবেদন খারিজ হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। গতকাল আবেদনটি (রুল ডিসচার্জ) খারিজ করেন আদালত।