কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থী ও রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তাঁর কর্মী-সমর্থকেরা উচ্ছ্বসিত। হাওর এলাকার বিভিন্ন বাজার, মোকাম ও দোকানে গতকাল মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করছেন তাঁরা।
জানতে চাইলে ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, রিটার্নিং কর্মকর্তা সঠিক জায়গায় হাত দিয়েছেন। তাই মিথ্যা তথ্যের বিষয়টি ধরা পড়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হওয়ায় রেজওয়ানই একমাত্র প্রার্থী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, তিনজনের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় রেজওয়ানই একমাত্র বৈধ প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ শেষ হলে তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন একমাত্র বৈধ প্রার্থী হিসেবে রেজওয়ানের নাম ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুর রহমান। আর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মহিদুল ইসলাম এবং জামায়াতে ওলামায়ে ইসলামের প্রার্থী খালেদ সাইফুল ইসলামের।