কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিকসহ তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গতকাল দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন রেজওয়ান আহম্মদ। বেলা তিনটার দিকে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম বেশ কিছু সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। বিকেল পাঁচটার দিকে মনোনয়নপত্র জমা দেন জামায়াতে ওলামায়ে ইসলামের খালেদ সাইফুল ইসলাম।
আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহম্মদ বলেন, ‘বাবা এ আসন থেকে বারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষ ওনার অনুপস্থিতিতে আমাকে এ আসনের সাংসদ হিসেবে দেখতে চান। সবার দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি।’
সৈয়দ মহিদুল ইসলাম বলেন, ‘দল থেকে মনোনয়ন পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। এলাকার মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। এলাকার মানুষের আশা ও দাবির মুখে আমি প্রার্থী হয়েছি।’
অপর প্রার্থী খালেদ সাইফুল ইসলাম দাবি করেন, বিরোধী দলসহ অন্য সবাই তাঁকে সমর্থন করায় তাঁর বিজয় সহজ হবে।
জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী এ সরকারের অধীনে কোনো নির্বাচন করা হবে না। তাই উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। গতকাল শেষ দিনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রথম আলোকে জানান, ৯ জুন মনোনয়নপত্র বাছাই, ১৭ জুন মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৩ জুলাই ভোট গ্রহণ করা হবে।
আবদুল হামিদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এতে কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়।