রাষ্ট্রপতির জানাজার কারণে হেফাজতের বিক্ষোভ হয়নি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার জুমার নামাজের পর মহানবী (সা.)-এর মহত্ত্ব (শানে রেসালাত) নিয়ে বিভিন্ন মসজিদে বিক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর কারণে কোনো বিক্ষোভ মিছিল করা হয়নি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘রাষ্ট্রপতির জানাজার কারণে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। রোজা পালন ও শানে রেসালত নিয়ে আলোচনার মধ্যে কর্মসূচি সীমিত ছিল।’ তবে ঢাকায় হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি পালন করেনি। ‘ইসলামী দলসমূহের’ ব্যানারে লালবাগ মাদ্রাসা মিলনায়তনে ধর্মভিত্তিক কয়েকটি দল ও সংগঠনের নেতারা জুমার নামাজের পর শানে রেসালাত নিয়ে আলোচনা করেন। তাঁরা নফল রোজা রেখেছেন বলেও জানান। এতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির নেতাদের দেখা যায়নি। জানতে চাইলে হেফাজতের ঢাকা কমিটির সদস্যসচিব জুনায়েদ আল হাবিব প্রথম আলোকে বলেন, ‘রাষ্ট্রপতির জানাজার কারণে আমরা ঢাকায় শানে রেসালাতের আলোচনা মুলতবি করেছি। তবে রোজা রেখে মিরপুর, বারিধারাসহ বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে ইফতার করেছি।’জুমার নামাজের পর শানে রেসালাতের আলোচনায় অংশ নিয়ে খেলাফত আন্দোলনের আমির আহমদুল্লাহ আশরাফ বলেন, ‘ইসলামবিরোধী অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতেই ইসলাম ও স্বাধীনতার চেতনাকে মুখোমুখি দাঁড় করিয়েছে।’ তিনি ঈমানি শক্তি নিয়ে ‘নাস্তিক-মুরতাদ’ ও তাদের দোসরদের প্রতিরোধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে মুসলমানদের প্রতি আহ্বান জানান।আলোচনায় আরও অংশ নেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়ার অধ্যক্ষ আবুল কালাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শফিক উদ্দীন ও খেলাফতে ইসলামের আমির আবুল হাসানাত আমিনী প্রমুখ।চট্টগ্রামে বিভিন্ন মাদ্রাসায় আলোচনা: জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার (দারুল উলুম মইনুল ইসলাম) মসজিদে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও তাঁর মহত্ত্ব নিয়ে আলোচনা করেন। তিনি মহানবী (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটূক্তিকারীদের ‘বিপথগামী’ ও ‘নাস্তিক’ উল্লেখ করে তাদের সংশোধনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে ‘আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী (সা.)-এর অবমাননার’ বিরুদ্ধে চলমান আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য মোনাজাত করেন।এ ছাড়া পটিয়ার আল-জামিয়া ইসলামিয়া, আল-জামিয়া আরাবিয়া জিরি, জামিয়া নানুপুর, জামিয়া বাবুনগর, চট্টগ্রামের মোজাহের উলুম, জামিয়াতুল উলুম লালখান, জামিয়া ফিরোজশাহ মাদ্রাসা মসজিদে মহানবী (সা.)-এর মহত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে।