রাষ্ট্রপতির দাওয়াতে যেতে পারলেন না সৈয়দ ইবরাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীককে। তিনি বলেন, বঙ্গভবন থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকাল বুধবার বিকেল পৌনে তিনটার দিকে তাঁকে বঙ্গভবনের ফটক থেকে ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘বিজয় দিবসে একজন বীর প্রতীককে অপমান করা কি জরুরি?’
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘১৯৮০ সাল থেকে বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও দুই ঈদে আমি বঙ্গভবনের আমন্ত্রণ পাই। এবারও আমন্ত্রণ পেয়ে বঙ্গভবনের মেইন গেটে গেলে আমাকে উত্তর গেট দিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে কর্তব্যরত একজন ক্যাপ্টেন বলেন, আমার গাড়ির স্টিকার মেইন গেটের। আবার মেইন গেটে আসলে এবার একজন পুলিশ কর্মকর্তা বলেন, এসএসএফ তাঁদের কিছু ব্যক্তির তালিকা দিয়েছে, যাঁরা বঙ্গভবনে যেতে পারবেন না। এতে আপনার নাম এক নম্বরে।’
সৈয়দ ইবরাহিম বলেন, ‘আমার তিনটি পরিচয় আছে। প্রথমত, আমি একজন বীর প্রতীক। দ্বিতীয়ত, একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। তৃতীয়ত, আমি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান। জানি না, আমার এই তিন পরিচয় বা বৈশিষ্ট্যের কোনটিকে আক্রমণ করতে গিয়ে তারা কোনটিকে অপমান করল।’