নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বৈঠক
রাষ্ট্রপতির পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন ইসিতে
রাষ্ট্রপতির পদ শূন্য ঘোষণা করে প্রকাশিত প্রজ্ঞাপন গতকাল সোমবার নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণার লক্ষ্যে বুধবার বৈঠকে বসতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা স্বাক্ষরিত এবং ২০ মার্চ প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ২০ মার্চ অপরাহে ইন্তেকাল করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। এ অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।সংসদ সচিবালয়ের নিজ দপ্তরেই দৈনন্দিন কাজ করছেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রতিদিন রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রয়োজনীয় নথিপত্র সংসদ সচিবালয়ে নিয়ে আসা হচ্ছে। অস্থায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আবার রাষ্ট্রপতির সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্পিকারের দপ্তর সূত্র জানায়, দায়িত্বভার গ্রহণের পর অস্থায়ী রাষ্ট্রপতি এখন পর্যন্ত ৫০ থেকে ৬০টি ফাইলে স্বাক্ষর করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে কারাবন্দীদের বিশেষ ক্ষমা প্রদর্শন-সংক্রান্ত আদেশ। জানতে চাইলে স্পিকারের ব্যক্তিগত সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, অস্থায়ী রাষ্ট্রপতি তাঁর সংসদ সচিবালয়ের কার্যালয়ে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে রাষ্ট্রীয় কোনো আচার থাকলে তিনি বঙ্গভবনে যাবেন। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি আজ ভোরে সাভার স্মৃতিসৌধে যাবেন।অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেও স্পিকার আবদুল হামিদের দৈনন্দিন কার্যসূচিতে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই গতকালও তিনি বেলা তিনটা থেকে চারটার মধ্যে দপ্তরে আসেন। দপ্তরে থাকেন রাত ১০টা পর্যন্ত। প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে: নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ স্পিকার আবদুল হামিদের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের তফসিল নির্ধারণ করবেন। বর্তমানে ছুটিতে থাকা সিইসি বুধবার কাজে যোগ দেবেন। ওই দিনই কমিশনের বৈঠকে কবে, কখন বা কীভাবে নির্বাচন হবে, সে বিষয়ে আলোচনা হবে।জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য ঘোষণা-সংক্রান্ত প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে এসেছে। কমিশন এখন আইন মোতাবেক ভোটার তালিকা চূড়ান্ত করবে। এরপর উপযুক্ত সময় দেখে ভোট গ্রহণের দিন ঠিক করা হবে।