রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ ছাড়া বৈঠকে বন রক্ষণাবেক্ষণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নীতিমালাও অনুমোদন দেওয়া হয়। নীতিমালায় নিহত ব্যক্তিদের তিন লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, সংবিধানের ৭৩ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী নতুন বছরে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভার গত বৈঠকে উপস্থাপন করা হলে তা পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দেন। প্রধানমন্ত্রীর সংস্থাপন উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে এই কমিটি ভাষণ হালনাগাদ করে। গতকালের বৈঠকে তা উপস্থাপন করা হলে মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এ ছাড়া বন রক্ষায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নীতিমালাও অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এই নীতিমালা তৈরি করা হয়। বন রক্ষার কাজে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের ব্যবস্থা না থাকায় তাঁরা বন রক্ষার চেষ্টা করেন না। এ জন্য প্রতিপক্ষের বা বন্য প্রাণীর হামলায় মারা গেলে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা এবং আহত বা পঙ্গু হলে দেড় লাখ টাকা দেওয়ার নীতিমালা অনুমোদন করা হয়। সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় পড়ে শোনানো হয়। সামান্য পরিবর্তন ও পরিমার্জন শেষে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে পৌরসভা নির্বাচন নিয়ে একজন প্রতিমন্ত্রী আলোচনা করতে চাইলে প্রধানমন্ত্রী এ বিষয়ে আর কথা বলেননি।