রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনা শুরু হয়েছে। সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার প্রস্তাব আনেন।হুইপ আ স ম ফিরোজ প্রস্তাব সমর্থন করার পর এ নিয়ে সংসদে আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত ২৫ জানুয়ারি সংসদে ভাষণ দেন। তাঁর ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে ৪০ ঘণ্টা আলোচনা করার সিদ্ধান্ত রয়েছে।আলোচনার প্রথম বক্তা যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হীরার খণ্ড। বঙ্গবন্ধুর রাজনীতির উজ্জ্বল উত্তরাধিকারী। তিনি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, শীতার্তকে উত্তাপ দেন। মহানুভবতা তাঁকে বড় মাপের নেতা বানিয়েছে। সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব সকলের।’ বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর করা নিয়ে বিরোধী দল উদ্দেশ্যমূলকভাবে হট্টগোল করছে বলে মন্তব্য করেন যোগাযোগমন্ত্রী। তিনি অভিযোগ করেন, তারা আড়িয়ল বিল নিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করছে। বিরোধী দলকে উদ্দেশ করে যোগাযোগমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন চাইলে সংসদে আসতেই হবে। ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বৈষয়িক বিষয় বা আদালতের এখতিয়ারাধীন অযৌক্তিক দাবি জানিয়ে সংসদ বর্জন সুস্থ চর্চা নয়। এরপর আলোচনায় অংশ নেন জাসদের শাহ জিকরুল আহমেদ। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদের বৈঠক আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।