রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রেকর্ড
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ বছর রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৬৪ ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন মোট ২৩১ জন সাংসদ।
এর আগে ২০১৫ সালে রাষ্ট্রপতির ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের ২৩৬ জন সাংসদ মোট ৬০ ঘণ্টা ৪০ মিনিট আলোচনা করেছিলেন। এর মধ্যে বিরোধী দলের ৩৮ জন সাংসদ ৯ ঘণ্টা ৫৩ মিনিট আলোচনা করেন।
সংসদের চিফ হুইপ আ স ম ফিরাজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে বিষয়টি সংসদের নজরে আনেন। তিনি বলেন, অতীতে কখনো এত দীর্ঘ সময় নিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়নি।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে সংসদে ভাষণ দিয়ে থাকেন। পরে এই ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি দলের ১৯৫ জন ৫২ ঘণ্টার বেশি এবং বিরোধী দলের ৩৬ জন সাংসদ সাড়ে ১১ ঘণ্টার বেশি আলোচনা করেন।
এর আগে ২০১৬ সালে ২১১ জন সাংসদ ৫৩ ঘণ্টা ৪৬ মিনিট আলোচনা করেন। এর মধ্যে বিরোধী দলের ৪৩ জন সাংসদ ১২ ঘণ্টা ৪৬ মিনিট আলোচনার সুযোগ পান। ২০১৪ সালে ২৩২ জন সাংসদ ৫৬ ঘণ্টা ৫২ মিনিট আলোচনা করেন। এর মধ্যে বিরোধী দলের ৪৮ জন সংসদ সুযোগ পেয়েছিলেন ১১ ঘণ্টা ৩৮ মিনিট।
তারও আগে ১৯৯৭ সালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২২ ঘণ্টা ৩০ মিনিট, ’৯৮ সালে ২১ ঘণ্টা ২ মিনিট, ’৯৯ সালে ১০ ঘণ্টা ৫১ মিনিট, ২০০০ সালে ২৩ ঘণ্টা ৪৮ মিনিট, ২০০১ সালে ১৯ ঘণ্টা ৪০ মিনিট, ২০০২ সালে ১৩ ঘণ্টা ৩ মিনিট, ২০০৩ সালে ২৬ ঘণ্টা ৫৮ মিনিট, ২০০৪ সালে ১২ ঘণ্টা, ২০০৫ সালে ১৭ ঘণ্টা ৪৩ মিনিট, ২০০৬ সালে ২৯ ঘণ্টা ৫৯ মিনিট, ২০০৯ সালে ২৮ ঘণ্টা ১৮ মিনিট, ২০১০ সালে ৪২ ঘণ্টা ৫৬ মিনিট, ২০১১ সালে ৪১ ঘণ্টা ২৬ মিনিট, ২০১২ সালে ৫০ ঘণ্টা ২৬ মিনিট এবং ২০১৩ সালে ৪৬ ঘণ্টা আলোচনা হয়।