রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তিনি মনে করেন শপথ নেওয়ার পর থেকে গত প্রায় তিন বছরে পরিপূর্ণভাবেই তাঁর সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন।
বঙ্গভবনে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, সংবিধানে যা আছে, তার ভেতরে থেকেই রাষ্ট্রপতিকে দায়িত্ব পালন করতে হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
বাংলাদেশে অতীতে রাজনৈতিক কোনো সংকটের সময় সুশীল সমাজের নেতাসহ অনেকেই বলেছেন, এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে রাষ্ট্রপতির একটা ভূমিকা থাকা দরকার। এ ব্যাপারে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিবিসিকে বলেন, রাষ্ট্রপতির ভূমিকা বিষয়ে যদি কিছু যোগ করতে হয়, তা হলে সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির পক্ষে আসলে কতটা ভূমিকা রাখা সম্ভব—এ বিষয়ে আবদুল হামিদ বলেন, সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রপতি কতটা করতে পারেন, কী হবে তাঁর ভূমিকা। সংবিধানে যদি কিছু যোগ করতে হয়, তা হলে দলমত-নির্বিশেষে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচিত সংসদ সদস্যরা যেভাবে সংবিধানকে দাঁড় করাবেন, সেই মোতাবেকই রাষ্ট্রপতিকে চলতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, সংবিধান সংশোধন করতে হলে শুধু রাজনৈতিক দল নয়, সংসদ সদস্যদের দুই-তৃতীয়াংশের সম্মতি লাগবে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অন্যান্য দল ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে তাঁর আলোচনা হয়। তাঁদের বক্তব্য পরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তাঁকে জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘অর্থাৎ সাংবিধানিকভাবে যেটুকু দায়িত্ব পালন করা, সেখানে আমি কৃপণতা করিনি, আমি বলব যে সততার সাথেই তা পালন করেছি।’