রাষ্ট্রপতির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষস্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা শোকার্ত পরিবার ও দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। জাতিসংঘ মহাসচিব: নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে সংস্থাটির ওয়েবসাইটে পোস্ট করা এক শোকবার্তায় মহাসচিব বান কি মুন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছেন, রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে তিনি শোকাভিভূত। তিনি বলেন, জিল্লুর রহমান তাঁর জীবনব্যাপী দেশের গণতন্ত্রের উত্তরণে অবদান রেখেছেন।ইইউর রাষ্ট্রদূত: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না তাঁর শোকবার্তায় বলেন, জিল্লুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ নেতা ও শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ গঠনে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য তাঁকে সবাই স্মরণ করবে। কমনওয়েলথ: কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপভুক্ত (সিএমএজি) পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রুপটি জিল্লুর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার ও দেশের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। ডি-৮: উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক জোট ডি-৮-এর সেক্রেটারিয়েট থেকে পাঠানো ও মহাসচিব সাঈদ আলী মোহাম্মদ মৌসাভি স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, জিল্লুর রহমান জীবনের বড় অংশই দেশের গণতন্ত্রের পাহারাদারের ভূমিকায় ছিলেন। প্রণব মুখার্জি: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসানের কাছে পৃথক দুটি শোকবার্তা পাঠিয়েছেন। শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় প্রণব মুখার্জি বাংলাদেশ ও এর জনগণের প্রতি জিল্লুর রহমানের দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবার কথা উল্লেখ করে বলেন, তিনি ও তাঁর দেশের মানুষ তাঁর মৃত্যুতে কষ্ট পেয়েছেন। নাজমুল হাসানের কাছে বার্তায় প্রণব বলেন, জিল্লুর রহমান ভারতের প্রকৃত বন্ধু ছিলেন। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে তিনি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।মনমোহনের শোক: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশটির সরকার ও জনগণের পক্ষে এক শোকবার্তায় বলেছেন, জিল্লুর রহমান এমনই একজন দেশপ্রেমিক ও উচ্চ আদর্শের মানুষ ছিলেন, যিনি দশকের পর দশক দেশকে ও দেশের জনগণকে সেবা দিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লি গতকাল জানান, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার আবদুল হামিদের কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন। শোকবার্তায় চীনা প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে জিল্লুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী: জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে কেরি যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষে জিল্লুর রহমানের পরিবারের ও বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতি জানান। তিনি বলেন, একাত্তর সালে বাংলাদেশের সৃষ্টিতে জিল্লুর রহমানের অবদান ছিল অপরিসীম। পাকিস্তান হাইকমিশন: ঢাকায় পাকিস্তান হাইকমিশন শোক প্রকাশ করে গতকাল এক বিবৃতি দিয়েছে। এতে জানানো হয়, পাকিস্তানের সরকার ও জনগণ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর মৃত্যুর কারণে ঢাকাস্থ পাকিস্তানি হাইকমিশন ২৩ মার্চ পাকিস্তান দিবসের সংবর্ধনা অনুষ্ঠানও স্থগিত করেছে। জাপান: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এক বিবৃতিতে জিল্লুর রহমানের মৃত্যুতে জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। এ ছাড়া জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, নেপাল, মালদ্বীপ, ভুটান, ইরানসহ বিভিন্ন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ শ্রদ্ধা জানাতে যাঁরা আসছেন: জিল্লুর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা আজ ঢাকায় আসছেন। এঁদের মধ্যে রয়েছেন ভারতের নতুন প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী ফারুক আবদুল্লাহ, শ্রীলঙ্কার নগরায়ণবিষয়ক মন্ত্রী এ এইচ এম ফাউজি, মালদ্বীপের ধর্মমন্ত্রী মোহামেদ শামীম আলী সায়িদ, সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকিফি মাসাগোস, মালয়েশিয়ার সিনেটের স্পিকার তানশ্রী আবু জাহের। বাসস, ইউএনবি, সিনহুয়া ও বিজ্ঞপ্তি।