জিল্লুর রহমান ছিলেন একজন পরিপূর্ণ মানুষ, রাজনীতির বিশুদ্ধ পুরুষ। শান্ত স্বভাবের হলেও সংকটের সময়ে তিনি ছিলেন দৃঢ়। রাষ্ট্রপতির শূন্যস্থান পূরণ হবে, কিন্তু একজন জিল্লুর রহমানের শূন্যস্থান পূরণ হওয়ার নয়।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. জিল্লুর রহমানের স্মরণে অনুষ্ঠিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জিল্লুর রহমান সারা জীবন জনগণ ও দেশের কল্যাণে রাজনীতি করে গেছেন। কখনো সাচ্চা রাজনীতির পথ থেকে বিচ্যুত হননি। তিনি ছিলেন অমায়িক, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ; তবে নীতি ও আদর্শে ছিলেন দৃঢ়। একজন সার্থক মানুষ হিসেবেই তিনি বিদায় নিয়েছেন।সভাপতির বক্তৃতায় ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, উচ্চশিক্ষার প্রতি তাঁর ছিল গভীর মমত্ববোধ। শিক্ষকদের তিনি বিরল সম্মান দিতেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ ছাত্রজীবন থেকে জিল্লুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় ও বিভিন্ন ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজনীতি করতে গেলে বিরোধী দলকে কটু কথা বলতে হয়। কিন্তু জিল্লুর রহমান সেটাও করেননি। তিনি ডেকেছিলেন বলেই নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনুসন্ধান কমিটি করার সময় সব দল গিয়েছিল। এমন সময়ে তাঁকে হারিয়েছি, যখন তাঁর বড্ড বেশি প্রয়োজন ছিল।’ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এ রকম রাজনীতিবিদ গত কয়েক দশকে পাইনি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, রাষ্ট্রপতি মারা যাওয়ায় সংবিধান অনুসারে রাষ্ট্রপতির শূন্যস্থান পূরণ হবে। কিন্তু একজন জিল্লুর রহমানের শূন্যস্থান পূরণ করা দুঃসাধ্য। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, একজন মানুষের পক্ষে যা অর্জন করা সম্ভব, তা-ই করেছেন তিনি। বিজয়ীর বেশেই তিনি চলে গেলেন।শোকসভায় আরও বক্তব্য দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসির উপসচিব ফেরদৌস জামান।টিএসসিতে শোকসভা: এদিকে জিল্লুর রহমানের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আরেকটি শোকসভা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহ-উপাচার্য নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় জিল্লুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।