রাষ্ট্রপতির সংলাপ টিভি ক্যামেরার সামনে করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত বলে সরকার তা বাতিল করার পক্ষে অবস্থান নিয়েছে। অথচ জেলা পরিষদে অনির্বাচিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের মতো বড় বিষয়কে অল্প কথায় অনির্বাচিত বলা ঠিক হবে না।এক প্রশ্নের জবাবে কামাল হোসেন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের খবরকে ইতিবাচক উল্লেখ করে বলেন, সংলাপ লুকোছাপা না রেখে টিভি ক্যামেরার সামনে করতে হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন এসব কথা বলেন। ১০ ডিসেম্বর গণফোরামের কাউন্সিলে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নবগঠিত কমিটিতে ড. কামাল সভাপতি পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হন মোস্তফা মোহসীন।বিশিষ্ট এই আইনজীবী বলেন, সরকার সবকিছু ‘সুপারসনিক’ গতিতে করছে। চার মিনিটে ঢাকা ভাগ করা হয়েছে। কোনো আলোচনা ছাড়াই জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ অবস্থা চলতে থাকলে সংসদ অকার্যকর হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি ধ্বংস হবে। অপহরণ, হত্যা, গুম প্রসঙ্গে গণফোরামের সভাপতি বলেন, এ ব্যাপারে সংসদীয় কমিটি জোরালো ভূমিকা রাখতে পারে। টাকা ও রুগ্ণ রাজনীতির কারণে এসব হত্যার তদন্ত হয় না। থানায় কোন এজাহার নেওয়া হবে, কোনটা নেওয়া হবে না; কে জামিন পাবে, আর কে পাবে না এসব অর্থ ও রাজনীতি দিয়ে ঠিক করলে কোনো কিছুই বন্ধ হবে না।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কামাল হোসেন বলেন, বিচার সঠিকভাবে হচ্ছে কি না, কিংবা যথাযথভাবে আইন মানা হচ্ছে কি না, সে বিষয়ে প্রশ্ন করা সঠিক আছে। তবে বিচার করা যাবে না, বিচার চাওয়া যাবে না—এমনটা জাতির জন্য কাম্য নয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী।