রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে তিন নির্বাচন কমিশনার আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বর্তমান কমিশনের চার বছর পূর্তিতে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন।
সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী এবং কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, বর্তমান কমিশনের চার বছর হয়ে গেছে। পৌরসভা নির্বাচন হয়ে গেছে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের পর বর্তমান কমিশনের হাতে বড় ধরনের কোনো কাজ বাকি থাকবে না। আগামী বছরের ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদও শেষ হয়ে যাবে। এ সব প্রেক্ষাপটে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পাঁচ সদস্যের বর্তমান ইসি ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করে। অনুসন্ধান কমিটি গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দিয়েছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই কমিশনের মেয়াদ শেষ হবে।