রাষ্ট্রপতির সঙ্গে কাল বিএনপির নেতাদের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধিদল। কাল শুক্রবার তাঁরা রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের আটজন সদস্য স্পিকারের সঙ্গে তাঁর সংসদ কার্যালয়ে সাক্ষাৎ করে এই স্মারকলিপি দেন।

এ বিষয়ে জানাতে পরে সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকেদের ব্রিফ করেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ২৯ ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণার পর থেকে বিরোধীদলীয় নেতাকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি গৃহবন্দী কি না, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সংসদ বহাল কি না, সংসদ বহাল থাকলে খালেদা জিয়ার প্রটোকল কেন প্রত্যাহার করা হয়েছে—এসব বিষয়ে স্পিকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া এ বিষয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জয়নুল আবদিন ফারুক দাবি করেন, ‘স্পিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।’

এ বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দল কাল শুক্রবার বিকেল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করবেন। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের এই সময় দেওয়া হয়েছে বলে দলটির একটি সূত্র জানিয়েছে।

গত ২৯ ডিসেম্বর খালেদা জিয়াকে তাঁর গুলশানের বাসভবন থেকে বের হতে না দেওয়ায় এবং এর পরদিন থেকে গতকাল পর্যন্ত তিনি আর বাসা থেকে বের না হওয়ায় তিনি গৃহবন্দী, নাকি অন্তরীণ? না অবরুদ্ধ? এ প্রশ্ন জোরেশোরে আলোচনায় এসেছে।

২৯ ডিসেম্বর সারা দেশ থেকে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু তার আগের দিন সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। তাঁর বাসায় ঢোকার রাস্তা বালুর ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দলীয় নেতারা তাঁর বাসভবনে যেতে চাইলে আটক হন। তবে বিদেশি কূটনীতিকেরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পেরেছেন। ইতিমধ্যে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

তবে ৩০ ডিসেম্বর একই কর্মসূচি পালনের ঘোষণা দিলেও খালেদা জিয়া আগের দিনের মতো বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেননি। এর পর অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও তাঁর বাড়ির সামনে পুলিশি অবস্থান আগের মতো আছে। গতকালও বাসার প্রধান ফটকের দুই পাশে চারটি বালুভর্তি ট্রাক রাখা ছিল। এগুলো না সরালে কোনো গাড়ি বাসা থেকে বের হয়ে সড়কে উঠতে পারবে না।