রাষ্ট্রপতির সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী তাঁর দেশ। গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বাংলাদেশকে চীনের ভালো বন্ধু অভিহিত করে চাং ওয়ানকুয়ান বলেন, চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণ, সরঞ্জাম সরবরাহ ও এর রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা বাড়াতে আগ্রহী বেইজিং।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামরিক খাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরের মাধ্যমে ভবিষ্যতে আরও জোরদার
হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ: জেনারেল চাং ওয়ানকুয়ান গতকাল ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পরে চীনা প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধিদল নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তিন বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি গত শনিবার বাংলাদেশে আসে।