রাষ্ট্রপতির সঙ্গে নতুন সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বুধবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান। তিনি সেনাপ্রধানকে একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত দক্ষতা, দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে দেশ-বিদেশে যে সুনাম অর্জন করেছে, তা নতুন সেনাপ্রধানের নেতৃত্বে উত্তর উত্তর বৃদ্ধি পাবে।সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্রপতির কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দায়িত্ব পালনে সেনাপ্রধান রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি সেনাবাহিনীর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ-ভিয়েতনাম বাণিজ্যের পরিমাণ ৯ গুণ বৃদ্ধি: বাংলাদেশে ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নগুয়েন ভ্যান গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বলা হয়, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্যের পরিমাণ ২০০৭ সাল থেকে গত পাঁচ বছরে নয় গুণ বেড়েছে। দুই দেশের মধ্যে ২০০৭ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ছয় কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা এ বছর ৫৮ কোটি ডলারে উন্নীত হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য এ দেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।