শিগগিরই রাজধানীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সম্মেলন করার পরিকল্পনা করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে এফবিসিসিআই ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল সোমবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ পরিকল্পনার কথা জানায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠকে মাতলুব আহমাদ বলেন, ব্যবসায়ীরা সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চান। দেশের সব কটি চেম্বারের প্রতিনিধি ও ব্যবসায়ীরা এই সম্মেলনে যোগ দেবেন। এ সময় তিনি এফবিসিসিআইয়ের কার্যক্রম এবং দেশে বাণিজ্য ও বিনিয়োগের উন্নয়নের জন্য ফেডারেশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সেক্টরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
আবদুল মাতলুব আহমাদ নিটল-নিলয়ের দেওয়া একটি অ্যাম্বুলেন্স রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজকে উপহার দেন। সাক্ষাতের সময় তিনি রাষ্ট্রপতির উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ এ এন এম নওশাদ খানের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।