রাষ্ট্রপতির সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে গতকাল সোমবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানিয়েছেন। খবর বাসসের।
খবরে বলা হয়, পদোন্নতি এবং নতুন র্যাংক পাওয়ায় দুই বাহিনীর প্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই পদোন্নতি লাভের ফলে র্যাংকগুলো অন্যান্য দেশের বাহিনীর সমপর্যায়ে এসেছে, যা তাঁদের দায়িত্ব সাবলীল ও যথাযথভাবে পালনের ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, এই দুই বাহিনীর প্রধান নতুন র্যাংক পাওয়ার পর সশস্ত্রবাহিনীর দায়িত্ব আরও বেড়ে গেছে। নতুন র্যাংক পাওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নৌ ও বিমানবাহিনীর দুই প্রধান।
এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল শেখ মামুন খালেদ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠেয় তৃতীয় সমাবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন।
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁর কার্যালয়ে নৌবাহিনীর প্রধান এম ফরিদ হাবিব এবং বিমানবাহিনীর প্রধান আবু এসরারকে তাঁদের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এম ফরিদ হাবিব ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল এবং আবু এসরার এয়ার মার্শাল থেকে এয়ার চিফ মার্শাল হন।