রাষ্ট্রপতির সঙ্গে প্রতিরক্ষাসচিবের সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল রোববার সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিরক্ষাসচিব আখতার হোসেন ভূঁইয়া।
সাক্ষাতের পর বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, বৈঠককালে প্রতিরক্ষাসচিব রাষ্ট্রপতিকে বিশেষভাবে প্রস্তাবিত মিঠামইন ক্যান্টনমেন্টের সর্বশেষ অগ্রগতিসহ সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ফোর্সেস গোল-২০৩০-এর সঙ্গে সম্পর্কিত সব উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের জন্য সরকারের দেওয়া এর আগের সব নির্দেশনা বাস্তবায়নেরও নির্দেশ দেন।
পাঁচটি বিলে সম্মতি
এদিকে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পাস হওয়া পাঁচটি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিল পাঁচটি হলো ক্যাডেট কলেজ বিল-২০১৭, বাংলাদেশ জীববৈচিত্র্য বিল-২০১৭, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল-২০১৭, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৭ ও পাট বিল-২০১৭।