রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বুধবার বিকেলে বঙ্গভবনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে উচ্চ ও অধস্তন আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতিদের অফিস ও এজলাসসহ নথি সংরক্ষণে বর্ধিত জায়গার প্রয়োজন। তিনি বলেন, প্রস্তাবিত ২০ তলা ভবন নির্মিত হলে এ সমস্যার সমাধান হবে। এ বিষয়ে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।প্রধান বিচারপতি আরও জানান, বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ১০ হাজার ৫৭৫টি, হাইকোর্ট বিভাগে দুই লাখ ৮৪ হাজার ৫৮৩টি মামলা এবং অধস্তন জেলা ও দায়রা জজ আদালতে আট লাখ ৮৪ হাজার ৪২২টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে সাত লাখ ৭০ হাজার ৮৬৫টি মামলা বিচারাধীন।রাষ্ট্রপতি যথাসম্ভব দ্রুত সময়ে বিচারাধীন মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতির সচিবেরা এ সময় উপস্থিত ছিলেন। বাসস।