রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান। বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম উপস্থিত ছিলেন।
সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরকে তাঁদের সাম্প্রতিক বিদেশ সফর সম্পর্কে অবহিত করেন।
এ দিকে ঈদের দিন সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর সহধর্মিণী রাশিদা খানম জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, নগরের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এই সংবর্ধনার আয়োজন করেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার: গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবার এবং ওই ঘটনায় আহত ২৬ পুলিশ সদস্যকে ঈদ উপহার হিসেবে ৩২ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবার এবং আহত পুলিশ সদস্যের কাছে ঈদের উপহার তুলে দেন।
গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম ও মো. সালাহউদ্দিন খানের পরিবারকে তিন লাখ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া আহত পুলিশ সদস্যদেরকে এক লাখ টাকা করে দিয়েছেন।