রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট দলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন সময়ে দেওয়া মানবিক সহায়তার মান নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিডিআরসিএসের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কমিটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও জোরদার ও কার্যকরভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন।
বিডিআরসিএসের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ সময় রাষ্ট্রপতি তাঁদের সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রতিনিধিদলে বিডিআরসিএসের সহসভাপতি ড. মোহাম্মদ হাবিবে মিল্লাত, কোষাধ্যক্ষ তৌহিদুল রহমান, ব্যবস্থাপনা বোর্ডের সদস্য তালুকদার আবদুল খালেক, সদস্য এ কে এম এ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।