রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানালেন নেতারা
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের আলোচিত বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করলেন আওয়ামী লীগের নেতারা। দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী সংলাপে অংশ নেওয়া দলীয় নেতাদের ডেকে নেন। তিনি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে কী আলোচনা হলো, সে বিষয়ে জানতে চান। নেতারা প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সূত্র জানায়, সরকারের শীর্ষ পর্যায় থেকে এখন নির্বাচন কমিশন গঠন সম্পর্কে রাষ্ট্রপতির প্রস্তাবের অপেক্ষা করছে। তাঁর প্রস্তাব পেলে তা বাস্তবায়ন করা হবে। নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, সরকার রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবে।সূত্রটি জানায়, গত রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতাদের বৈঠকে সর্বশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়। বৈঠকে বলা হয়, বড় বড় প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফরউল্যাহ, সাহারা খাতুন, ইউসুফ হোসেন হুমায়ুন, হাছান মাহমুদ প্রমুখ।